অনুমতি ছাড়া ছবি তুললে বিরক্ত হন প্রীতি জিন্টা! সমাজমাধ্যমে স্পষ্ট বার্তা অভিনেত্রীর!

সমাজমাধ্যমের বাড়তি নজরদারি নিয়ে তারকাদের অভিযোগ নতুন নয়। বলিউড তারকারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন বা কী করছেন, তা জানার আগ্রহ সবসময়ই থাকে ছবিশিকারিদের। এই বিষয়েই এবার নিজের মতামত স্পষ্ট করলেন অভিনেত্রী প্রীতি জিন্টা।

প্রীতি জানান, অনুরাগীরা ভালোবেসে ছবি তুলতে চাইলে তিনি সাধারণত না বলেন না। কেউ সামনে এসে অনুরোধ করলে তিনি সানন্দে ছবি তোলেন। মানুষের ভালোবাসাকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তবে অনুমতি ছাড়া ছবি তোলা একেবারেই পছন্দ নয় তাঁর। বিশেষ করে সন্তানদের ছবি গোপনে তোলা, জিমের বাইরে অপেক্ষা করা বা ব্যক্তিগত জায়গার ছবি তোলা তাঁকে অস্বস্তিতে ফেলে। এসব ঘটনায় তিনি বিরক্ত হন বলেই স্পষ্ট জানিয়েছেন।

অভিনেত্রীর কথায়, ব্যক্তিগত পরিসর সবারই দরকার। তারকাদের ক্ষেত্রেও সেই সম্মান বজায় রাখা উচিত। জনপ্রিয়তা থাকলেও অনুমতি ছাড়া ক্যামেরা তাক করা ঠিক নয় বলেই মনে করেন তিনি।

অনুরাগীদের উদ্দেশে প্রীতির অনুরোধ, ছবি তুলতে চাইলে আগে অনুমতি নিতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও শোনা যাচ্ছে, খুব শিগগিরই ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সানি দেওলের সঙ্গে ফিরতে পারেন তিনি।